Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় অবৈধ ভিট বালু উত্তোলন, নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

কলমাকান্দায় অবৈধ ভিট বালু উত্তোলন, নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে ভিট বালু উত্তোলনের দায়ে এক নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও অভিযুক্ত ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।

রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার বিশরপাশা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা উপেক্ষা করে একটি নৌযানে করে অবৈধভাবে ভিট বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে নৌকার মালিক জুবায়ের হোসেনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানকালে প্রায় এক হাজার ঘনফুট ভিট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ভরাটের কাজে ব্যবহার করা হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জব্দ নৌযানটি স্থানীয় ইউপি সদস্য সজল কুমার ঘোষের জিম্মায় রাখা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন