ঈশ্বরগঞ্জে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ৩ বছরের শিশুর মরদেহ উদ্বার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর বাড়ির পেছনের একটি পানিভর্তি গর্ত থেকে ইমরান (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের হাশেম আলগী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ইমরান হাসান ওই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ ও শিরিন আক্তার দম্পতির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে বাড়ি থেকে খেলার ছলে হঠাৎ নিখোঁজ হয় শিশু ইমরান। পরিবারের লোকজন বাড়ির আশপাশসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পায়নি। একপর্যায়ে নিখোঁজ ইমরানের সন্ধান চেয়ে পুরো এলাকায় মাইকিংও করা হয়। কিন্তু তাতেও কোনো সন্ধান মেলেনি।
পরদিন শনিবার সকাল ৭টার দিকে পরিবারের লোকজন ঘরের পেছনে একটি পানিভর্তি গর্তে ইমরানের মরদেহ ভাসতে দেখেন। পরে স্বজনরা দ্রুত গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করেন।
এলাকাবাসীর ধারণা, খেলার ছলে কোনো এক সময় ঘরের পেছনের গর্তের জমে থাকা পানিতে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। অবুঝ এই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো হাশেম আলগী গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় আমাদের কেউ অবগত করেনি।’



