কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম
ঢাকার কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১১ জুলাই) ভোরে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ বড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকরা হলেন— রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)। বিস্ফোরণের পর সহকর্মীরা তাদের উদ্ধার করে ভোর ৫টার দিকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
আহতদের সহকর্মী সজীব জানান, শুক্রবার রাত থেকে গ্যাসলাইনের সংযোগ সংক্রান্ত কাজ করছিলেন তারা। ভোরে কাজের একপর্যায়ে পাইপলাইনে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে আগুনের ঝলকানিতে তিনজন দগ্ধ হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। রাজন ও সুমনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তিনজনই আপাতত স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গ্যাসলাইনের কাজ চলাকালেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। গ্যাসলাইনে ত্রুটি, গ্যাস জমে থাকা বা নিরাপত্তা বিধি অনুসরণে গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



