মামলার পরও আসামি অধরা
ঈশ্বরগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ তদন্তে বিলম্বের অভিযোগ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৮) ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পরও অভিযুক্ত আবু সাঈদকে (৫০) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় তদন্তে অবহেলার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত আবু সাঈদ ওই তরুণীর মুখ চেপে ধরে ধর্ষণ করার সময় ভুক্তভোগীর ভাবি তাকে হাতেনাতে ধরে ফেলেন। ওই সময় আবু সাঈদ বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীর ভাবির পায়ে ধরে ক্ষমা চেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
অনুসন্ধানে জানা যায়, আক্রান্ত তরুণী এবং তার বাবা ও ভাইসহ পরিবারের একাধিক সদস্য বুদ্ধিপ্রতিবন্ধী। অসহায় এই পরিবারের সরলতার সুযোগ নিয়ে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দিতে একাধিকবার সালিশ-বৈঠক করেন। সালিশে কোনো সমাধান না হওয়ায়, ঘটনার ৬ দিন পর গত ৮ জুলাই ভুক্তভোগীর মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় আবু সাঈদকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামকে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, মামলা দায়েরের পর থেকে তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত ঘটনাস্থলে যাননি এবং তাদের কোনো খোঁজখবরও নেননি।
তবে তদন্তে বিলম্ব ও অবহেলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এসআই মাজহারুল ইসলাম। তিনি জানান, আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



