শেরপুরে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
নজরুল ইসলাম জাকি, শেরপুর
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বৃষ্টির সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে দ্রুতগতির অপর একটি অটোরিকশা ধাক্কা দিলে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধুনট উপজেলার বিলকাজুলী এলাকার হনেন্দ্রনাথের ছেলে প্রসান্ত মন্ডল (৪০)। হাসপাতালের একটি সূত্রে তার নাম কুসন কুমার বলেও জানা গেছে। অপর নিহত ব্যক্তি নজরুল ইসলাম (৬০)।
আহতরা হলেন বিশালপুর ইউনিয়নের শিমলা গ্রামের আবু হানিফ (৪০), ইউনুছ আলী (৬০), তার স্ত্রী (৫৬) এবং নাম-পরিচয় জানা যায়নি এমন এক অটোরিকশা চালক (২২)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা জামাইলহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে হঠাৎ তীব্র বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে রক্ষা পেতে অপর একটি অটোরিকশা রাস্তার পাশে থামিয়ে যাত্রীরা পাশেই আশ্রয় নেন।
ঠিক সেই সময় শেরপুর থেকে জামাইলহাটগামী একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে উভয় অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় প্রসান্ত মন্ডল ও নজরুল মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ যাওয়ার আগেই দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়া হয়েছিল। তিনি বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



