বিশ্ব পরিবেশ দিবসে নরসিংদীতে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও বই বিতরণ
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ গঠনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয় এর সঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তবে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি পরিবেশবান্ধব জীবনযাপন, বৃক্ষরোপণ এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো: সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর উপপরিচালক মো: বদরুল হুদা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন, বন্যা ও খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, গাছের চারা ও বিভিন্ন বই পুরস্কার হিসেবে বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশকর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



