লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ঢলের পানিতে ভেসে গেল শিশু
তৌহিদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম
ছবি: নিখোঁজ শিশু সাজেদ
কক্সবাজারে রামুর ঈদগড়ে ফুলেশ্বরী খালে ঢলের পানিতে লাকড়ি সংগ্রহকালে ভেসে গিয়ে এক শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা কোনাপাড়া সংলগ্ন ফুলেশ্বরী খালে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ মোহাম্মদ সাজেদ (১২) একই এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্বজনদের বরাতে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুবিন বলেন, গত কয়েকদিন ভারী ও অতিভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা খাল ও প্রাকৃতিক ছড়া দিয়ে প্রবল ঢল নেমে আসছিল। বুধবার বিকাল ৫ টার দিকে ঈদগড়ের হাসনাকাটা কোনাপাড়া সংলগ্ন ফুলেশ্বরী খালে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে স্থানীয়দের সাথে শিশু মোহাম্মদ সাজেদও লাকড়ি সংগ্রহ করছিল। এক পর্যায়ে উজানী ঢলের প্রবল স্রোতের টানে সে ভেসে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।
ঘটনার পর থেকে স্বজনরা ফুলেশ্বরী খালের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও রাত ১০ টা পর্যন্ত মোহাম্মদ সাজেদ এর সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।



