Logo
Logo
×

সারাদেশ

টিউবওয়েলে পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রী, বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীরও

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম

টিউবওয়েলে পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রী, বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীরও

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বিদ্যুতায়িত টিনের বেড়ায় হাত দিলে প্রথমে প্রাণ হারান স্ত্রী। তাকে বাঁচাতে ছুটে এসে একই পরিণতি হয় স্বামীর। কয়েক মুহূর্তের ব্যবধানে দুজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

বুধবার (৮ জুলাই) বিকেলে উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলদিপাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বলদিপাড়া এলাকার সাইদুর রহমান (৭০) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।

স্থানীয়রা জানান, দুপুরে রাবেয়া বেগম বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে যান। এ সময় বৈদ্যুতিক ত্রুটির কারণে বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের ঘরের বেড়ায় হাত লাগতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। স্ত্রীকে বাঁচানোর মরিয়া চেষ্টা করেন স্বামী সাইদুর রহমান। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে টিনের বেড়ায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। বিষয়টি কেউ টের পাওয়ার আগেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ করছে।

এই হৃদয়বিদারক ঘটনায় বলদিপাড়া এলাকাজুড়ে শোকের মাতম নেমে এসেছে। একসঙ্গে স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যু স্বজন ও প্রতিবেশীদের চোখে অশ্রু ঝরাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন