বাঞ্ছারামপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. আরিফ (২২)। তিনি জিল্লু মিয়ার ছেলে এবং রহিমা বেগমের সন্তান। তার বাড়ি দরিয়াদৌলত ইউনিয়নের শুটকিকান্দি গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর থানার এসআই (নি.) মো. জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে দরিয়াদৌলত ইউনিয়নের নতুন কদমতলী এলাকায় শাহিনের নতুন বাড়ির পাশ থেকে অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয় এবং আসামিকে গ্রেপ্তার করা হয়।
বাঞ্ছারামপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন।



