সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা-ছেলের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:০৪ এএম
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরহাদ মিয়া (৩০), তার বাবা নুরুল আমিন (৬০) ও মা ফাতেমা আক্তার (৫০)।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, রোববার বিকাল ৫টার দিকে নিজ বাড়ির দোকানে মেরামতের কাজ করছিলেন ছেলে ফরহাদ মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে স্ত্রী এগিয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরেন। একইভাবে পিতা নুরুল আমিন তাদের বাঁচাতে ছুটে আসেন। পরে তারা তিনজনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
স্থানীয় অপর এক সূত্রে জানা যায়, সোমবার বিদ্যুতের মেইনলাইনের একটি তার ছিঁড়ে ফরহাদ মিয়ার দোকানের টিনের ওপর পড়ে। ফরহাদ অসাবধানতাবশত ওই টিনের ঘরে হাত দিলে তৎক্ষণাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ছেলেকে বাঁচাতে বাবা নুরুল আমিন ও ফাতেমা আক্তার এগিয়ে আসলে তারাও বিদ্যুতায়িত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিশ্বম্ভরপুর থানার ওসি শাহিন মিয়া জানান, স্থানীয় নানা মাধ্যমে জানা গেছে ফরহাদ নামের এক যুবক তার ঘরে বিদ্যুতের কাজ করছিল, তখন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার মা-বাবা চেষ্টা করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তা পুলিশ খতিয়ে দেখছে।



