ঘুসকাণ্ডের ভিডিও ভাইরাল হওয়া তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহিন খসরুকে অবশেষে তেঁতুলিয়া উপজেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়; কিন্তু মন্ত্রণালয়ের ওই প্রত্যাহারের আদেশটি প্রথমে ইউএনও গোপন করে রাখেন।
রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে বিষয়টি জানাজানি হয় হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে তার প্রত্যাহারের আদেশ ফাঁস হওয়ার পর স্থানীয়দের মাঝে স্বস্তি দেখা দেয় এবং ভুক্তভোগীরা একে-অন্যকে মিষ্টি মুখ করান।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) জনপ্রশাসন মন্ত্রণালয় পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে গ্রামপুলিশে চাকরি দেওয়ার নামে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুস গ্রহণের অভিযোগ উঠে। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম বা ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনওর এই ঘুসকাণ্ডের ঘটনাটি তেঁতুলিয়া উপজেলাসহ পঞ্চগড়ের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এলাকাবাসীর পক্ষ থেকে তার বিরুদ্ধে শাস্তির দাবি উঠে।
কিন্তু ইউএনও তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির কেলেঙ্কারি ঠেকাতে ফেসবুকে ঘুসের লাইভ করা নারীর বিরুদ্ধে ইউএনও অফিসের চুক্তিভিত্তিক এক কর্মচারীকে দিয়ে মামলা দায়ের করান। একই সঙ্গে তার ক্ষমতাকে কাজে লাগিয়ে নানা অপতৎপরতা অব্যাহত রাখেন এবং উপজেলা প্রশাসনের কতিপয় সরকারি কর্মকর্তা কর্মচারীকে ব্যবহার করে তার পক্ষে মানববন্ধনও করেন।
এরই ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে তেঁতুলিয়া থেকে প্রথমে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বদলি করে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় নড়েচড়ে বসে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে।
উল্লেখ্য, আফরোজ শাহিন খসরু তেঁতুলিয়া উপজেলায় যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঘুস দুর্নীতির ব্যাপক অভিযোগ উঠে। টাকা ছাড়া কোনো ফাইলে তিনি স্বাক্ষর করতেন না বলে কয়েকজন ঠিকাদার জানান। ইতোপূর্বেও বিতর্কিত এই ইউএনওর ঘুস গ্রহণ সংক্রান্ত একাধিক অডিও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়।
এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ইউএনওকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জেনেছি। তবে সোমবার সর্বশেষ তথ্য অনুযায়ী তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু তেঁতুলিয়াতেই রয়েছেন। মন্ত্রণালয়ের আদেশের পরও তিনি কর্মস্থল ত্যাগ করেননি।



