Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে বৃদ্ধ দম্পতিকে বেঁধে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

শেরপুরে বৃদ্ধ দম্পতিকে বেঁধে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পশ্চিমপাড়া (কাজিপুর) গ্রামে এক বৃদ্ধ দম্পতির বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গৃহকর্তাকে হাত বেঁধে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের দুল, রুপার চেইন, শাড়ি, ফ্রিজের মাছ মাংস,  বাটন মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত শবত আলীর ছেলে মো. রইচ উদ্দিনের (৫৮) বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রইচ উদ্দিন জানান, গভীর রাতে ৪ সদস্যের একটি ডাকাত দল তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তাকে হাত বেঁধে ঘরের মধ্যে আটকে রাখা হয়। পরে তার স্ত্রী শিরিনা বেগম স্বামীর বাঁধন খুলে দেওয়ার অনুরোধ করলে ডাকাতরা তার গলায় থাকা একটি রুপার চেইন খুলে নিতে চায়। তিনি নিজেই চেইনটি খুলে তাদের হাতে তুলে দেন।

তিনি আরও জানান, ডাকাতরা তার নাতনি রিয়া মনির কানে থাকা স্বর্ণের দুলও খুলে নেয়। আকস্মিক ঘটনায় শিশুটি ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে।

পরিবারের সদস্যদের দাবি, প্রায় আধাঘণ্টা ধরে ডাকাতরা বাড়িতে অবস্থান করে। 

শিরিনা বেগম জানান, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল চারজন। তাদের তিন জনের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ এর মধ্যে এবং একজনের বয়স ৩৫ বছর হবে বলে তার ধারণা।

ডাকাতরা চলে যাওয়ার পর রাত প্রায় ২টার দিকে পাশের বাড়ির লোকজনকে খবর দেওয়া হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরিবারের দুই ছেলে ঢাকায় গার্মেন্টস ও ঘরের সলিংয়ের কাজে কর্মরত থাকায় ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না।

এ ঘটনায় রোববার (৫ জুলাই) শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই দিন বিকেল ৩টার দিকে শেরপুর থানার এসআই বিকাশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত করেন।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন