Logo
Logo
×

সারাদেশ

চলতি সপ্তাহেই পাকিস্তানে পরবর্তী বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৪৮ এএম

চলতি সপ্তাহেই পাকিস্তানে পরবর্তী বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী দফার কৌশলগত (টেকনিক্যাল) আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসন এবং কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার লক্ষ্যেই নতুন করে এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র অনুযায়ী, বৈঠকের জন্য দুটি সম্ভাব্য স্থান বিবেচনায় রয়েছে—ইসলামাবাদ এবং সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্ট। তবে ইসলামাবাদেই বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি। আগামী ১১ জুলাই বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যদিও চূড়ান্ত ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি।

বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিল, বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। এছাড়া হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং লেবাননে যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ও আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে।

দুই সপ্তাহ আগে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী, ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১১ জুলাইয়ের বৈঠক সেই প্রক্রিয়ার অংশ। তবে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা উপলক্ষে কয়েক দিনের জন্য আলোচনা স্থগিত রাখা হয়েছে।

এর আগে দোহায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠককে ‘খুব ভালো’ বলে মন্তব্য করেছিলেন। অন্যদিকে ইরান দাবি করে, বিদেশে জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলারের সম্পদের একটি অংশ ছাড় করার বিষয়ে সমঝোতা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা তা অস্বীকার করেছেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আলোচনায় বিরতির সময়ও কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে দোহায় দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন