Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোনা সীমান্ত থেকে মর্টার শেল উদ্ধার

Icon

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

নেত্রকোনা সীমান্ত থেকে মর্টার শেল উদ্ধার

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) আওতাধীন ভবানীপুর বিওপির সীমান্ত এলাকা থেকে একটি ৬০ মিলিমিটারের জ্যান্ত ও অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৪ জুলাই) দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার  ভবানীপুর গ্রামের একটি নালা থেকে গোলাটি উদ্ধার করা হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১১৫৫/১০-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন শিশু নালায় মাছ ধরতে গিয়ে কাদার মধ্যে একটি ভারী লোহার বস্তু দেখতে পায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী (৩০) সতর্কতার সঙ্গে সেটি নালা থেকে তুলে বাড়ির নিকটবর্তী নিরাপদ স্থানে রেখে তাৎক্ষণিকভাবে ভবানীপুর বিওপি কমান্ডারকে অবহিত করেন।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটিকে ৬০ মিলিমিটারের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবিস্ফোরিত মর্টার শেল হিসেবে শনাক্ত করে।

জননিরাপত্তার স্বার্থে গোলাটিকে বালির বস্তা দিয়ে নিরাপদভাবে ঘিরে রাখা হয়েছে এবং ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৩১ বিজিবির অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, উদ্ধার হওয়া মর্টার শেলটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দলের সঙ্গে সমন্বয় করে নিরাপদ উপায়ে এটি নিষ্ক্রিয় বা ধ্বংস করার কার্যক্রম চলমান রয়েছে। দলটি ঘটনাস্থলে পৌঁছানোর পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন