কলমাকান্দায় বসতঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হাড়িগাতি গ্রামে নিজ বসতঘর থেকে দ্বীন ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম ওই গ্রামের মৃত শবদর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান দ্বীন ইসলাম। বুধবার সকাল গড়িয়ে গেলেও তিনি ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের টিনের ফাঁক দিয়ে তাকিয়ে দরজার সঙ্গে বাঁধা নাইলনের রশিতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। স্থানীয়দের সহায়তায় দরজা খুলে মরদেহ উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
খবর পেয়ে কলমাকান্দা থানার সিধলী তদন্ত কেন্দ্রের এসআই পরিমল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালেই মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



