নরসিংদীতে তিন দিনব্যাপী ফল মেলা ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৬:০৮ পিএম
‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজল হক, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উৎপাদিত লটকন, অমৃত সাগর কলা, কাঁঠাল, রামবুটান, আমসহ
নানা জাতের পুষ্টিকর ও বিলুপ্তপ্রায় ফল প্রদর্শন করা হয়। ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বছরজুড়ে ফল সংরক্ষণের নানা কৌশল সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় স্থান পেয়েছে শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, পারিবারিক পুষ্টি বাগান, ভাসমান বেডে সবজি চাষ, উচ্চমূল্যের ফসল উৎপাদন কৌশল, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, পলিনেট হাউজ, সমলয় চাষাবাদ এবং আধুনিক কৃষিযন্ত্রসহ মোট ১১টি স্টল।
মেলা পরিদর্শনকালে অতিথিরা পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বেশি করে ফলদ বৃক্ষ রোপণের আহ্বান জানান। আয়োজকদের আশা, এই মেলা কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে উৎসাহিত করার পাশাপাশি ফল চাষ ও সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা শেষে গাছের চারা, সার, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বিভিন্ন স্কুলে লেপটপ এবং বাচ্চাদের খেলার সামগ্রী বিতরণ করা হয়।



