শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৫১ এএম
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদরা বটতলা এলাকায় একটি চায়ের দোকান থেকে নেশাগ্রস্ত অবস্থায় ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।
রোববার (২৮ জুন) রাত ৯টার দিকে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার ভাদরা যাদুমনি গ্রামের মো. জুরান মণ্ডলের ছেলে মো. শাহীন মণ্ডল (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভাদরা বটতলা এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে শাহীন মণ্ডলকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে। এ সময় তার কাছ থেকে ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে শেরপুর থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে শাহীনের মা হাসিনা বেগম বলেন, কোনো মা-বাবাই চান না তার সন্তান মাদকাসক্ত হোক। সে অনৈতিক কাজ করেছে, তাই গ্রেপ্তার হয়েছে।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর রহমান বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। গ্রামের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদকের কারণে আমাদের সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন বলেন, মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



