লোডশেডিংয়ে আর্জেন্টিনার খেলা দেখতে না পেরে কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর
নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:২১ পিএম
নেত্রকোনার কেন্দুয়ায় দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে আর্জেন্টিনা-জর্ডান ফুটবল ম্যাচ দেখতে না পেরে ক্ষুব্ধ গ্রাহকদের একাংশ পল্লী বিদ্যুতের জোনাল অফিসে ভাঙচুর চালিয়েছেন। রোববার (২৮ জুন) সকালে উপজেলার জোনাল অফিসে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে উপজেলাজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট চলছে। দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ের কারণে জনজীবন ব্যাহত হচ্ছে। রোববার সকালে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ চলাকালে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন গ্রাহক জোনাল অফিসে গিয়ে ভাঙচুর করেন।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলায় প্রায় ৯৪ হাজার গ্রাহক রয়েছেন। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ২৭ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। উপজেলায় মোট ১২টি সচল ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে কেন্দুয়া এলাকায় ৮টি এবং রামপুর এলাকায় ৪টি ফিডার রয়েছে। তবে কেন্দুয়া এলাকার ৮টি ফিডারের মধ্যে বর্তমানে ৬টিই বন্ধ রয়েছে। ময়মনসিংহ গ্রিড হয়ে নেত্রকোনা দিয়ে কেন্দুয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে মানুষের মধ্যে ক্ষোভ জমে ছিল। ম্যাচ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে।
কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক বলেন, আমাদের যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়, তার বাইরে কিছু করার সুযোগ নেই। বরাদ্দ অনুযায়ীই গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



