দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে ব্যতিক্রমী কর্মসূচি
নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৫৯ পিএম
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।
রবিবার (২৮ জুন) সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের কেন্দ্র করে এই সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে ফুটবলপ্রেমীদের পাশাপাশি স্কুলপড়ুয়া শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ অংশ নেন। তারা মাদক গ্রহণ না করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার শপথ নেন। শপথ শেষে সবাই একসঙ্গে “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগান দিয়ে প্রতীকীভাবে মাদককে লাল কার্ড প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, “ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতা শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকলে মাদক নির্মূল করা আরও সহজ হবে। যুবসমাজকে রক্ষায় এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।



