রাস্তার বক্স কেটে লাপাত্তা ঠিকাদার, চরম বিপাকে এলাকাবাসী
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:১২ এএম
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর উত্তরপাড়ায় একটি সড়কের নির্মাণকাজ তিন বছর ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘জয়নাল মেম্বার বাড়ির পুল থেকে মানিকমুড়া সড়ক পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য তিন বছর আগে দরপত্রের মাধ্যমে ‘শরীয়তপুর ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। কিন্তু কাজের শুরুতেই সড়কের কিছু অংশে দুপাশে বক্স কাটিং করে হঠাৎ করেই কাজ বন্ধ রেখে ঠিকাদার উধাও হয়ে যায়। এরপর থেকে দীর্ঘ তিন বছর ধরে সড়কটির উন্নয়নকাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
ঠিকাদারের বক্স কাটিংয়ের কারণে সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। বর্তমানে সামান্য বৃষ্টিতেই সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে যায়। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করে।
বিনয়ঘর উত্তরপাড়া গ্রামে প্রায় চার হাজার মানুষের বসবাস। সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি মসজিদ ও মক্তবে যাতায়াতকারী শিশু এবং সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়েছে। জরুরি রোগী কিংবা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়াও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম বলেন,নিয়ম মেনে শরীয়তপুর ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের সবগুলো টেন্ডার বাতিল করে উক্ত কাজগুলোর জন্য পুনরায় টেন্ডার প্রক্রিয়া ব্যবস্থা করা হচ্ছে।



