বগুড়ায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালি
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম
বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় মাদকবিরোধী সাইকেল র্যালি করেছে ইসলামী ছাত্রশিবিরের বগুড়া মহানগর শাখা।
শুক্রবার সকালে সরকারি আজিজুল হক কলেজের বটতলা এলাকা থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের তিনমাথা রেলগেট, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, বনানী, কলোনী, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও সাতমাথা প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। পাশাপাশি জনসমাগমস্থলে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।
র্যালি শুরুর আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারি শফিকুল ইসলাম, আইন সম্পাদক আল জাবের হক্কানী এবং প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটন।
সমাবেশে খন্দকার হাবিবুল্লাহ বলেন, মাদক বর্তমানে সমাজ ও পরিবারের জন্য বড় ধরনের হুমকিতে পরিণত হয়েছে। এতে যুবসমাজের সম্ভাবনা নষ্ট হচ্ছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস যেন মাদক সেবন ও বিক্রির অবাধ ক্ষেত্র না হয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি।



