Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:২৪ পিএম

কুড়িগ্রামে জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে শুরু হয়েছে জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬। শুক্রবার (২৬ জুন) সকালে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা, শিক্ষাপ্রতিষ্ঠান ও দাবা ক্লাবের বিপুলসংখ্যক দাবাড়ু অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, “দাবা শুধু একটি খেলা নয়; এটি মেধা, ধৈর্য, কৌশল ও সৃজনশীল চিন্তার বিকাশের অন্যতম মাধ্যম। তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ মানসিক বিকাশে দাবা চর্চার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “কুড়িগ্রামে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন হলে ভবিষ্যতে এখান থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের দাবাড়ু তৈরি হবে, যারা দেশের জন্য গৌরব বয়ে আনবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “মেধাবী, সৃজনশীল ও সুশৃঙ্খল প্রজন্ম গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে দাবা মানুষের বিশ্লেষণী চিন্তাশক্তি, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও ধৈর্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মেধাভিত্তিক ক্রীড়া চর্চায় সব ধরনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।”

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সিনিয়র সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জাতীয় দাবা বিচারক মোজাহিদুল ইসলাম, সোনালী অতীত ক্লাব কুড়িগ্রামের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুকসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটি জানায়, উদ্বোধনের পরপরই প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুমোদিত আর্বিটারদের তত্ত্বাবধানে প্রতিযোগিতার সবগুলো ম্যাচ পরিচালিত হচ্ছে। নির্ধারিত রাউন্ড শেষে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে ট্রফি, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে। সফল ও সুষ্ঠুভাবে প্রতিযোগিতা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন আয়োজকরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন