নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:২৪ পিএম
নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নাগরিয়াকান্দি এলাকার সেতুর ওপর থেকে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি কয়েকজনের সহযোগিতায় একটি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেন। কিছুক্ষণের মধ্যেই কুকুরটি নদীর পানিতে তলিয়ে যায়। ঘটনার সময় উপস্থিত এক ব্যক্তি পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ভিডিওটি জেলা পুলিশের দৃষ্টি গোচর হয় এবং নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে খালি গায়ে থাকা ব্যক্তি মোহাম্মদ আলীকে নাগরিয়াকান্দি এলাকা হতে আটক করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এ আর এম আল মামুন বলেন, বৃহস্পতিবার সকালে ‘এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামক ফেইসবুক আইডি হতে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তের পরিচয় শনাক্ত করে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



