ইউ-টার্ন বন্ধের পর নাবিল হোটেল এলাকায় উল্টোপথে বাস চলাচল, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:১৬ পিএম
বগুড়ার শেরপুরে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশে চান্দাইকোনা-বগুড়া বাজার থেকে শেরপুর ধুনট মোড় পর্যন্ত মহাসড়কের সকল ইউ-টার্ন বন্ধ করার পরও নাবিল হাইওয়ে হোটেল এলাকায় উল্টোপথে যাত্রীবাহী বাস চলাচলের অভিযোগ উঠেছে। এতে ওই এলাকায় বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে সরেজমিনে দেখা যায়, নাবিল, গ্রীন লাইন, ওরিনসহ ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়া-রংপুরগামী বিভিন্ন যাত্রীবাহী বাস নাবিল হাইওয়ে হোটেলে যাত্রাবিরতির জন্য ছোনকা আন্ডারপাস সেতুর নিচ দিয়ে হোটেল এলাকায় প্রবেশ করছে।
তবে উদ্বেগের বিষয় হলো, বগুড়াগামী বাসগুলো যাত্রাবিরতি শেষে প্রায় এক কিলোমিটার দূরে থাকা ছোনকা আন্ডারপাস পর্যন্ত সঠিক পথে না গিয়ে নাবিল হোটেল থেকে উল্টোপথে চলাচল করে আন্ডারপাসের নিচ দিয়ে আবার মূল সড়কে উঠছে। এতে মহাসড়কে মুখোমুখি সংঘর্ষসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাবিল হাইওয়ে হোটেলের কয়েকজন নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) ছোনকা আন্ডারপাস এলাকায় এসব গাড়ি পারাপারে সহযোগিতা করছেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নাবিল হাইওয়ে হোটেলের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “আমার জানামতে কোনো গাড়ি উল্টোপথে যাতায়াত করছে না। গ্রীন লাইন, ওরিন বা অন্য কোনো পরিবহনের বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে নাবিল পরিবহনের গাড়ি উল্টোপথে যাবে না।”
অন্যদিকে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বলেন, “বিষয়টি আমাদের চোখে এখনো পড়েনি। আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা কমাতে সম্প্রতি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশে চান্দাইকোনা-বগুড়া বাজার থেকে শেরপুর ধুনট মোড় পর্যন্ত মহাসড়কের সকল ইউ-টার্ন বন্ধ করা হয়। তবে এর পরপরই কিছু যানবাহনের উল্টোপথে চলাচলের ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।



