চাঁদপুরে মানবতার সেবায় একঝাঁক তরুণের অনন্য দৃষ্টান্ত
চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০৩ পিএম
“সৃষ্টির সেবা করলে স্রষ্টাকে পাওয়া যায়”— এই মহান স্লোগানকে বুকে ধারণ করে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আর্তমানবতার সেবায় এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’। ২০১৯ সালের ১০ মে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের শেষ ভরসাস্থলে পরিণত হয়েছে। সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই সংগঠনটি দীর্ঘ পথ পেরিয়ে বর্তমানে সফলতার সাথে ৮ম বছরে পদার্পণ করেছে।
স্থানীয় সচেতন মহল এবং প্রবাসীদের যৌথ আর্থিক ও মানসিক সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এই সংগঠনটির সার্বিক কার্যক্রম। এলাকার যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মানবিক কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখছে এই সংস্থাটি।
সংগঠনটির মানবিক কার্যক্রমের পরিধি অত্যন্ত বিস্তৃত। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাবৃত্তি ও নগদ অর্থ প্রদান করে ঝরে পড়া রোধে কাজ করছে তারা। পাশাপাশি ক্যানসারে আক্রান্ত জটিল রোগী ও প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য বড় অঙ্কের আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হচ্ছে নিয়মিত। এছাড়া অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মেয়েদের বিয়ে সম্পন্ন করতে নগদ অর্থ সহায়তা প্রদান এবং বিধবা ও এতিমদের পুনর্বাসনে সংগঠনটি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ ও ধর্মীয় উৎসবগুলোতে (ঈদুল ফিতর ও ঈদুল আজহা) খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ তাদের একটি নিয়মিত কর্যক্রম।
সংগঠনটির ধারাবাহিক মানবিক কাজের স্বীকৃতি মিলেছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও। সম্প্রতি শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান সংগঠনটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি সংস্থার মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ গঠনে এই তরুণদের পাশে থাকার ও সব ধরনের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন।
বর্তমানে ২০২৬ সালের জন্য গঠিত কার্যকরী কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ওমর ফারুক। এছাড়া সভাপতি মঞ্জুর হোসেন সজিব এবং সাধারণ সম্পাদক সাহাবদ্দিনের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অত্যন্ত নিষ্ঠার সাথে সংস্থার কার্যক্রম পরিচালনা করছেন।
সংগঠনটির বর্তমান সভাপতি মঞ্জুর হোসেন সজিব বলেন, “আমরা কোনো নাম বা খ্যাতির জন্য নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য কাজ করি। দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা চাঁদপুরের গণ্ডি পেরিয়ে সারা দেশের মানুষের কাছে একটি আদর্শ মানবিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করুক— এটাই আমাদের লক্ষ্য। আমাদের এই পথচলায় দেশ ও বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।
”স্থানীয় বাসিন্দারা জানান, এই সংগঠনের তরুণরা যেভাবে দিন-রাত মানুষের বিপদে এগিয়ে আসে, তা সত্যিই প্রশংসনীয়। প্রতিটি এলাকায় এমন একটি করে সংগঠন গড়ে উঠলে সমাজে আর কোনো মানুষ অসহায় থাকবে না। চাঁদপুরের শাহরাস্তির এই মানবিক মডেলটি এখন সারা দেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জন্য একটি বড় অনুপ্রেরণা।



