চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম
চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। তিনি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৫টার দিকে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি আমরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হেফাজতে নেওয়া হয়। সেখান থেকে আমাদের সঙ্গে আসার জন্য সহযোগিতা কামনা করি। তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। তাকে আমরা এসপি অফিসে জিজ্ঞাসাবাদ করেছি। তবে, চাঁদাবাজির অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এ পুলিশ কর্মকর্তা।
এক ঘণ্টারও বেশি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এদিন সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সজীবকে আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
ছেলের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, বাংলাদেশ ৫ আগস্টের পর সোনারগাঁও আসন যে শান্তিতে ছিল এইরকম শান্তিতে কোনো আসনই ছিল না। মেঘনা গ্রুপ সজীবের নামে একটি অভিযোগ দিয়েছে। এর ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে মেঘনা গ্রুপের কারখানায় ওয়াবুদল কাদের যেত, সেখানেই গেলেই আমাকে বকাবকি করত। এ সময় তারা আমার অনেক সম্পত্তি দখল করে নিয়েছে। দখল করা সম্পত্তি উদ্ধারের জন্য গেলে আমার ছেলেকে নিয়ে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল হয়তো মিথ্যা অভিযোগ দিয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



