সোনারগাঁয়ে ১৩ লাখ টাকার বন্ধকী স্বর্ণ আত্মসাতের অভিযোগ, স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধক রাখা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আজ রবিবার সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ব্যবসায়ী মো. হারুন জরুরি ভিত্তিতে একটি সম্পত্তি কেনার উদ্দেশ্যে পরিচিত ও প্রতিবেশী স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিত কর্মকারের কাছ থেকে ঋণ গ্রহণ করেন। ঋণের বিপরীতে তিনি ৫ ভরি ৫ আনা ৩ রতি স্বর্ণালঙ্কার বন্ধক রাখেন এবং একটি সাদা কাগজে স্বাক্ষর প্রদান করেন। এর বিনিময়ে তিনি ৪ লাখ ৬০ হাজার টাকা গ্রহণ করেন।
ভুক্তভোগীর দাবি, ২০২৩ সালের ২৬ আগস্ট থেকে ২০২৫ সালের ২৭ আগস্ট পর্যন্ত সময়ে স্বর্ণের বাজারদর অনুযায়ী বন্ধক রাখা স্বর্ণালঙ্কারের বর্তমান মূল্য প্রায় ১২ লাখ ৯০ হাজার টাকা। সম্প্রতি তিনি ঋণের টাকা পরিশোধ করে স্বর্ণালঙ্কার ফেরত চাইলে অভিযুক্ত সঞ্জিত কর্মকার বিভিন্ন অজুহাতে তা ফেরত দিতে গড়িমসি করতে থাকেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৫ এপ্রিল বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা বাজারে অবস্থিত অভিযুক্তের ‘জয় বাবা লোকনাথ’ স্বর্ণালঙ্কারের দোকানে গিয়ে স্বর্ণ ফেরত চাইলে তাকে অপমান ও হেনস্তা করা হয়। এ সময় একটি কথিত সাদা কাগজ দেখিয়ে স্বর্ণালঙ্কার ফেরত দিতে অস্বীকৃতি জানানো হয়। পাশাপাশি তাকে ভয়ভীতি প্রদর্শন ও ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে তার স্বর্ণালঙ্কার আত্মসাতের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে বন্ধক রাখা স্বর্ণালঙ্কার উদ্ধার এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত সঞ্জিত কর্মকার বলেন, অভিযোগকারীর কাছে আমার সুদের টাকা পাওনা রয়েছে। তিনি পাওনা পরিশোধ করলে স্বর্ণালঙ্কার ফেরত দেওয়া হবে। আর স্বর্ণের পরিবর্তে টাকা নিতে চাইলে সেটিও দেওয়া হবে।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



