নেত্রকোণার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের শামসুল হুদা (৫৫), ডাউকি এলাকার আশরাফুল ইসলাম (৩০) এবং মদন উপজেলার কাইটাল গ্রামের রাজিব (২৪)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে মাছ ধরতে নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান শামসুল হুদা। সকাল সাড়ে ৬টার দিকে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
একই উপজেলার ডাউকি এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, বজ্রপাতের কারণেই তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, মদন উপজেলার কাইটাল গ্রামের বাসিন্দা ও ইটভাটা শ্রমিক রাজিব ভোর ৫টার দিকে বাড়ির পাশ থেকে মাছ ধরার চাঁই তুলতে গেলে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, বজ্রপাতে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, নিহত রাজিবের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।



