সরকারি চাকরিজীবীদের সময়মতো অফিসে আসার নির্দেশ আইনমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:২০ পিএম
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সরকারি চাকরিজীবীদের উদ্দেশে বলেছেন, সময়মতো অফিসে আসা জনসেবা বাড়ানোর অন্যতম শর্ত। তিনি বলেন, “আপনারা যদি সকাল ৯টায় অফিসে এসে ৫টা, ৬টা বা ৭টা পর্যন্ত কাজ করেন, তাহলে জনগণের হয়রানি কমবে। জনসেবা বাড়ানো এবং জনগণের দুর্ভোগ কমানো আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি।”
বুধবার (১৭ জুন) সকালে ঝিনাইদহ শহরের পবহাটিতে আধুনিক কসাইখানা উদ্বোধন ও জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী সতর্ক করে বলেন, “যদি সময়মতো অফিসে না আসেন, আমরা ধরে নেব অফিসের প্রতি আপনার ভালোবাসা নেই, জনগণের প্রতি ভালোবাসা নেই। সেক্ষেত্রে আপনাকে আমার সালামু-আলাইকুম দিতে হবে।” তিনি আরও বলেন, জনগণের সেবা দিতে গাফিলতি বা অনীহা থাকলে জনসেবক হিসেবে থাকার প্রয়োজন নেই। দেশে অনেক বেকারত্ব আছে, তাই জনগণের সেবা দিতে অনাগ্রহী কর্মকর্তাদের জায়গায় অন্যরা আসতে পারে।
দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “বেতন মাসে ১ লাখ টাকা, বছরে ১২ লাখ টাকা। অথচ ৫ কোটি টাকার বাড়ি, ১ কোটি টাকার গাড়ি কিনছেন—এ যুগ শেষ হয়ে গেছে। আমরা চুপচাপ বসে থাকব না।”
তিনি আরও বলেন, ধর্ষণকারী ও মাদক কারবারি কোনো দলের হতে পারে না। এসব ক্ষেত্রে কোনো রাজনৈতিক নেতা যেন তদবিরে না জড়ায়, সে বিষয়ে হুঁশিয়ারি দেন তিনি।
বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বাজেট উচ্চাবিলাসী হবেই। বিএনপি স্বপ্ন দেখে বলেই আমরা স্বপ্নবাজ বাজেট দেওয়ার সাহস রাখি। এবারের বাজেটে গরীবের জন্য কর কমানো হয়েছে, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।” তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার অংশ হিসেবে ভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। বুধবার একযোগে ১৯ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।
সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, পুলিশ, র্যাব, বিজিবি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



