শেরপুরে বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ৩
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
বগুড়ার শেরপুর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সমর্থক এবং ছাত্রলীগের সাবেক এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, শেরপুর থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত ১৩৬ নম্বর আসামি মো. সেলিম উদ্দীন (৩৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মো. আলিম উদ্দীনের ছেলে।
এছাড়া মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ার পর আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- শেরপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সৌরভ আহম্মেদ সুমন (৩৫) এবং আওয়ামী লীগ সমর্থক মো. শাহিন আলম (৩২)। সৌরভ শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারকিপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং শাহিন আলম গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামের মৃত মগরব আলীর ছেলে।
শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।



