বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ১০
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। গুরুতর আহত এক অজ্ঞাতনামা যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কবলিত বাসটি শাহ ফতেহ আলী পরিবহনের বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসছিল। পথিমধ্যে ঘোগা ব্রিজ এলাকার ইউ-টার্নে পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, দুর্ঘটনায় বাসের ৮ থেকে ১০ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। এছাড়া একজন যাত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। আহত ওই যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে সামান্য বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।



