Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:১৬ পিএম

বগুড়ায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় বাঙালি নদীতে ডুবে নিখোঁজ হওয়ার এক দিন পর মারজিয়া খাতুন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বথুয়াবাড়ি সেতুর নিচ থেকে স্বজনেরা তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন।

মারজিয়া খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের বাঙালি নদীর দাবুর বাড়ির ঘাট এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল মারজিয়া। একপর্যায়ে সে নদীর পানিতে নামে। সাঁতার না জানায় নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় সে। অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। রাজশাহী থেকে আনা ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও শিশুটির সন্ধান পায়নি।

আজ সকালে স্বজনেরা আবার নদীতে খোঁজ শুরু করেন। একপর্যায়ে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে বথুয়াবাড়ি সেতুর নিচে মারজিয়ার ভাসমান মরদেহ দেখতে পান। পরে তাঁরা মরদেহ উদ্ধার করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন