শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:২০ পিএম
বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বৃষ্টি শুরু হওয়ার আগে মাছ ধরার উদ্দেশ্যে জমিতে পানির মধ্যে জাল ফেলে বাড়ি ফিরছিলেন সাব্বির। বাড়ির পেছনে একটি মেহগনি গাছের নিচে পৌঁছানোর পর হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতের তীব্রতায় তিনি গুরুতর আহত হন। একই সময়ে বজ্রপাতের আঘাতে মেহগনি গাছের একটি বড় ডাল ভেঙে পড়ে।
ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। তবে তার কোনো সাড়া না পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন স্বজনরা।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও গাছের নিচে অবস্থান না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।



