বাঘা থেকে প্রথমবার ফ্রান্সে যাচ্ছে চলতি মৌসুমের আম
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৪১ পিএম
রাজশাহীর বাঘা উপজেলা থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো ফ্রান্সে আম রপ্তানি করা হচ্ছে। সোমবার (৮ জুন) বিকেলে হিমসাগর ও আম্রপালি জাতের মোট ৫৫০ কেজি আম বিদেশে পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একসময় এ অঞ্চল থেকে বিপুল পরিমাণ আম বিদেশে রপ্তানি করা হলেও বর্তমানে উচ্চ বিমান ভাড়া ও আন্তর্জাতিক বিভিন্ন জটিলতার কারণে রপ্তানি কার্যক্রমে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবুও চলতি মৌসুমে ২০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রপ্তানির জন্য প্রস্তুত করা আমগুলো প্রথমে নারায়ণগঞ্জে নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়াজাতকরণ শেষে বিমানে সরাসরি ফ্রান্সে পাঠানো হবে।
আম সংগ্রহ ও প্যাকেটিংসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করছে সাদি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম সানা জানান, নানা প্রতিবন্ধকতার কারণে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
তিনি বলেন, গত বছর কোনো আম রপ্তানি করা সম্ভব হয়নি। এর আগের বছরগুলোতে যথাক্রমে ২০ মেট্রিক টন ও ৩৬ মেট্রিক টন আম বিদেশে পাঠানো হয়েছিল।
তিনি আরও জানান, এবারের প্রথম চালানে পাঠানো ৫৫০ কেজি আমের মধ্যে ২৫০ কেজি হিমসাগর এবং ৩০০ কেজি আম্রপালি। বিদেশে রপ্তানির উপযোগী করতে নিজের বাগানের আম ব্যাগিং পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, চলতি মৌসুমে বাঘা থেকে ফ্রান্সে প্রথম চালানে ৫৫০ কেজি আম পাঠানো হচ্ছে। এর মধ্যে ২৫০ কেজি হিমসাগর ও ৩০০ কেজি আম্রপালি রয়েছে।



