Logo
Logo
×

সারাদেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে কুড়িগ্রাম টিটিসির অধ্যক্ষ ওএসডি

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:২৫ পিএম

অনিয়ম-দুর্নীতির অভিযোগে কুড়িগ্রাম টিটিসির অধ্যক্ষ ওএসডি

আবু সৈয়দ মো. রেজাউল করিম

দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিমকে ক্লোজড করে ওএসডি করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে ঢাকায় দপ্তরবিহীন কর্মকর্তা হিসেবে সংযুক্ত করা হয়।

মন্ত্রণালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন বিভিন্ন টিটিসিতে কর্মরত কর্মকর্তাদের বদলি ও সংযুক্তির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কুড়িগ্রাম টিটিসির দায়িত্বে থাকা আবু সৈয়দ মো. রেজাউল করিমকে তার মূল কর্মস্থল ঠাকুরগাঁও টিটিসিতে বহাল রেখে ঢাকার টিটিসি ভবনে ক্লোজড করা হয়েছে।

একই আদেশে কুমিল্লা টিটিসির উপাধ্যক্ষ এস. এম. মেহেদী হাসানকে কুড়িগ্রাম টিটিসির উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও দেওয়া হয়েছে।

গত ৭ জুন ২০২৬ তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

এদিকে, কুড়িগ্রাম টিটিসির আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব থেকেও রেজাউল করিমকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কুড়িগ্রাম টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রেজাউল করিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, অবৈধ কমিশন ছাড়া প্রতিষ্ঠানে চাকরি বা ঠিকাদারি কাজ করা সম্ভব ছিল না। তার কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরাও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।

সম্প্রতি এক ঠিকাদার এবং এসেট প্রকল্পের সাবেক অতিথি শিক্ষক মো. মোতাইব হোসেনের অভিযোগের পর বিষয়টি গুরুত্ব পায়। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হলে ধীরে ধীরে বিভিন্ন অনিয়মের তথ্য সামনে আসে। এরপরই তাকে ক্লোজড করে ওএসডি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আবু সৈয়দ মো. রেজাউল করিম সরাসরি মন্তব্য না করে ব্যস্ততার কথা বলে বিষয়টি এড়িয়ে যান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দপ্তর ও সংস্থার প্রশাসন) আহমাদুল হক বলেন, রেজাউল করিমকে বদলি করা হয়নি, তাকে মূলত ক্লোজড করে ওএসডি করা হয়েছে। বর্তমানে তার কোনো টেবিল নেই। অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে মন্ত্রী দেশে ফিরলেই একটি তদন্ত টিম গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন