Logo
Logo
×

সারাদেশ

তনু হত্যা মামলায় দুই পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইন্টারপোলে রেড এলার্ট জারির নির্দেশ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:২০ পিএম

তনু হত্যা মামলায় দুই পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সোহাগী জাহান তনু হত্যা মামলার পলাতক দুই আসামি সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ ও সৈনিক শাহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড এলার্ট জারির নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) বিকেলে কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমিনুল হক এ আদেশ দেন। আদালত সূত্র জানিয়েছে, দুই আসামি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মামুনুর রশিদ।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম সম্প্রতি আদালতে আবেদন করেন। আবেদনে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারির অনুরোধ জানানো হয়। পরে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

এদিকে, সোমবার দুপুরে এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে কুমিল্লা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে এদিন তার পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। নিয়মিত হাজিরার অংশ হিসেবে তাকে আদালতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি শুরুতে থানা-পুলিশ, পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করলেও দীর্ঘ সময়েও হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। পরে ২০২০ সালের ২১ অক্টোবর পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলার তদন্তভার সিআইডি থেকে পিবিআই সদর দপ্তরে হস্তান্তর করা হয়।

প্রায় চার বছর মামলাটি তদন্ত করেন পিবিআইয়ের পরিদর্শক মো. মজিবুর রহমান। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মামলার ষষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

বর্তমানে মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান কারাগারে রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন