বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপির এক নেতা মারা গেছেন। শনিবার দুপুরে শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহতের নাম নজরুল ইসলাম(৪২)। তিনি ওই এলাকার মৃত আব্দুক গফুরের ছেলে। এছাড়াও তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য ও মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নজরুল ইসলাম তার নতুন বাড়িতে বিদ্যুতের তার মেরামতের কাজ করছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম জানান, নজরুল ইসলাম শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এবং মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল বলেন, বিদ্যুৎস্পৃষ্টে বিএনপির এক নেতার মৃত্যুর ব্যাপারে অবগত আছি।
তার আকস্মিক মৃত্যুতে শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



