পর্যটকবাহী গাড়িতে আগুন, প্রাণে রক্ষা পেলেন ১১ যাত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
বান্দরবানে পর্যটকবাহী একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নোহা গাড়িটি পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়ির চালকসহ ১১ পর্যটক।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় বান্দরবান- থানচি সড়কের চিম্বুক সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, গাজীপুর থেকে বান্দরবানে ঘুরতে আসা পর্যটকের একটি দল সকালে নীলগিরির উদ্দেশে যাচ্ছিলেন। সাত মাইল এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় হঠাৎ গাড়িতে আগুন ধরে। এ সময় গাড়িতে থাকা পর্যটকরা বের হতে পারলেও আগুনে গাড়িটি পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, গাড়িটি আগুনে পুড়ে গেলেও পর্যটকরা ভালো আছে।



