জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:২৮ পিএম
দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৫টায় নগরীর টাউন হল মাঠ থেকে মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
সমাবেশে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, সরকার বারবার জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। এর ফলে পরিবহণ ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বাড়বে, যা সীমিত আয়ের মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে।
বক্তারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজীর আহম্মেদ, অধ্যাপক রফিকুল ইসলাম ও মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মেদ মোল্লা এবং ছাত্রশিবির নেতারা।



