কক্সবাজার শহরতলির দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে কাজ করার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।
বুধবার (০৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাঁশখালী চাম্বলী এলাকার মো. ইলিয়াছ (২৩) ও রাকিব (১৯)। আহত শ্রমিক শাহজাহানকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার জানান, সকালে শ্রমিকরা কালভার্টের নির্মাণকাজ শুরু করেন। কাজ চলাকালে হঠাৎ করে পাশের মাটি ধসে পড়ে। এতে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, ‘মাটিচাপা পড়ে গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই শ্রমিক হাসপাতালে আনার আগেই মারা যান। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ চাইলে মরদেহের ময়নাতদন্ত করা হবে।’
ঘটনার ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী জানান, শহরতলীর দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।



