Logo
Logo
×

সারাদেশ

বাঁশের খুঁটি ভেঙে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে ৫ গরু

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:৪০ পিএম

বাঁশের খুঁটি ভেঙে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে ৫ গরু

টাঙ্গাইলের কালিহাতীতে ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ লাইনের বাঁশের খুঁটি ভেঙে তারে জড়িয়ে পাঁচটি গরু মারা গেছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের ফসলি জমিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে একটি বাঁশের খুঁটি স্থাপন করে রাখা হয়েছিল। ওই বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া গরুগুলো তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মারা যায়। তবে স্থানীয়দের তাৎক্ষণিক সতর্কতায় মাঠে থাকা আরও কয়েকটি গরু রক্ষা পায়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত খুঁটিটি অপসারণ কিংবা মেরামতের দাবি জানানো হলেও বিদ্যুৎ বিভাগ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন জানান, ঘটনাটি তারা শুনেছেন। পূর্বে ওই স্থানে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছিল বলে তাদের জানা ছিল না।  বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রাসেল জানান, বাঁশের খুঁটি ভেঙে পড়ার পর গরুগুলো তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মারা যায়।

কালিহাতী থানার ওসি তৌফিক আজম ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।  বিদ্যুৎস্পর্শ হয়ে পাঁচটি গরু মারা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন