Logo
Logo
×

সারাদেশ

বাঁশের কোরল নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১, প্রধান আসামি গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:২৭ পিএম

বাঁশের কোরল নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১, প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় বাঁশের কোরল (নতুন চারা) ভাঙাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মেয়ে হোসনেয়ারা খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হযরত আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি বাঁশঝাড়ের কোরল ভেঙে ফেলা নিয়ে হযরত আলীর সঙ্গে তার চাচাতো ভাই আব্দুর রহিম (৫২) এবং ভাতিজা নাইম ইসলাম (১৮)-এর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে অভিযুক্তরা পেরেকযুক্ত বাঁশ দিয়ে হযরত আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

ঘটনার পর নিহতের মেয়ে হোসনেয়ারা খাতুন বাদী হয়ে রাতেই শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। অপর আসামি নাইম ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, বাঁশের কোরল ভাঙাকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্নের প্রক্রিয়া চলছে। দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন