রাঙামাটিতে পারিবারিক কলহের জেরে সাজেদুল হক নামে এক পুলিশের উপপরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছেন। সোমবার (০১) রাতে শহরের তবলছড়ির ডাকঘর কলোনি দুদক অফিসের পাশে একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এসআই সাজেদুল হক রাঙামাটির কোতোয়ালি থানার সদর পুলিশ ফাঁড়িতে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলা সদর উপজেলার হনুমানেরচর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, সাজেদুল হক একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। গতকাল রাতে বাসার একটি কক্ষে গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
এসআই সাজেদুল হকের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনসহ অন্য পুলিশ কর্মকর্তারা।
রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, আমাদের একজন উপপরিদর্শক সাজেদুল হক শহরের তবলছড়ি একটি ভাড়া বাসায় পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জামালপুরের গ্রামের বাড়িতে পাঠানো হবে।



