নরসিংদীতে লটকন পাড়তে বাধা দেওয়ায় বাগান মালিকে পিটিয়ে হত্যা
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৩৭ এএম
নরসিংদীর শিবপুরে লটকন পাড়তে বাধা দেওয়ায় গিয়াস উদ্দিন (৬৮) নামে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) ভোরে উপজেলার যোশর ইউনিয়নের যোশর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গিয়াস উদ্দিন যোশর ইউনিয়নের যোশর গ্রামে গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোরে গিয়াস উদ্দিনের লটকন বাগান থেকে পাশের গ্রামের ফাইজুদ্দিন, আমান উল্লাহ, হযরত আলীসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক লটকন পাড়ছিলেন। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা তার ওপর চড়াও হয়। তারা লাঠিসোঁটা দিয়ে তাকে বেধড়ক মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত ফাইজুলকে হাতেনাতে আটক করে । তবে অন্যান্য অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও অভিযুক্তকে হেফাজতে নেয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ছেলে মশিউর রহমান বলেন, বাবা ফজর নামাজের পর বাগানে গিয়ে দেখে তাদের বাগান থেকে ফাইজুদ্দিন, আমান উল্লাহ, হযরত আলীসহ আরও কয়েকজন লটকন পাড়ছে। পরে তাদের লটকন পাড়তে বাধা দিলে তারা বাবার উপর লাঠি-শোটা নিয়ে হামলা করে পিটিয়ে তার বাবাকে হত্যা করে। তিনি বাবা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, এ ঘটনায় ফাইজুল নামে এক জনকে আটক করা হয়েছে। আর নিহতের ছেলে মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



