Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় এনসিপি নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল, পদ থেকে অব্যাহতি

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৫:১১ পিএম

বগুড়ায় এনসিপি নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল, পদ থেকে অব্যাহতি

বগুড়ায় এক নারী প্রশিক্ষণার্থীর হাতে জুতা পেটার শিকার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন।

শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের সই করা এক চিঠিতে তাঁকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারছেন। ভিডিওটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী।

 অভিযোগ রয়েছে, প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে তিনি অশালীন আচরণ করতেন। তাঁদের মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

এতে অতিষ্ঠ হয়ে গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাঁকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাঁকে জুতা দিয়ে মারেন। এ সময় আলী আজম সাব্বির নিজের আচরণের জন্য ক্ষমা চান বলে জানা গেছে।

টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠার পর একজন নারী প্রশিক্ষণার্থী তাঁকে জুতা দিয়ে মারেন। পরে আলী আজম সাব্বির নিজের দোষ স্বীকার করে কর্তৃপক্ষের কাছে লিখিত অঙ্গীকারনামা দেন। প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগটি তাঁদের নজরে আসার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর অবস্থান ব্যাখ্যা করতে তিন দিনের সময় দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন