৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে নজির স্থাপন করল রাসিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১১:৫৯ এএম
পবিত্র ঈদুল আজহার দিন মাত্র ৮ ঘণ্টার মধ্যে নগরীর সব এলাকা থেকে কোরবানির বর্জ্য অপসারণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হওয়ায় নগরবাসী রাসিক কর্তৃপক্ষের প্রশংসায় ভাসছে।
ঈদের দিন দুপুর থেকেই মাঠে নামেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তার ঘোষণা ছিল ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে পুরো নগরী পরিচ্ছন্ন করা হবে। কঠোর তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। দুপুর ১২টা থেকে রাত ৮টার মধ্যে মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে বর্জ্য অপসারণ কার্যক্রম চালানো হয়।
প্রশাসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১ হাজার ২৭০ জন পরিচ্ছন্নকর্মী নিরলসভাবে কাজ করেন। প্রতিটি ওয়ার্ডে দ্রুততার সঙ্গে বর্জ্য অপসারণের পাশাপাশি দুর্গন্ধমুক্ত রাখতে পর্যাপ্ত ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হয়। প্রয়োজনীয় যানবাহন ও আধুনিক সরঞ্জামও সার্বক্ষণিকভাবে ব্যবহার করা হয়।
নগরবাসী এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। সাহেববাজারের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের আগেই নগরী পরিষ্কার হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। উপশহরের গৃহিণী শারমিন আক্তার জানান, পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণের উদ্যোগটি খুবই কার্যকর হয়েছে। ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, প্রশাসক নিজে মাঠে থেকে কাজ তদারকি করায় কোনো দুর্গন্ধ বা ভোগান্তি হয়নি।
এবার প্রথমবারের মতো রাসিক প্রশাসকের উদ্যোগে প্রায় ৮২ হাজার মুসলিম পরিবারের মধ্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য দেওয়া হয় দুটি বড় ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার, আর ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য একটি ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার। এই উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



