Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু, আহত ৪

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ১২:১১ এএম

শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু, আহত ৪

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শুভগাছা আকন্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। অপর নিহত তামিম হোসেন (১৮) উপজেলার শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে। তিনি শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন মো. রাজন, মো. সিয়াম, মো. হাসান ও ছামির। তারা সবাই একে অপরের বন্ধু বলে জানা গেছে। বর্তমানে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী রঞ্জু মিয়া জানান, ঈদের দিন সড়ক ফাঁকা থাকায় মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে চলাচল করছিল। রাত আনুমানিক ৮টার দিকে ধুনট থেকে শেরপুরগামী দুটি মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোছা. দিলরুবা আবু রায়হানকে মৃত ঘোষণা করেন। আহত অপর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তামিম হোসেন মারা যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ জানান, দুর্ঘটনাকবলিত তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের দাবি, ঈদকে কেন্দ্র করে সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা বেড়ে গেছে। এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন