স্বাস্থ্যমন্ত্রী
তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১২:১১ পিএম
বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়। সকাল ৮ টায় উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
ঈদের নামাজের ইমামতি করেন মুফতি ওমর ফারুক ।
নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো গতকালকের আদ- দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যা অত্যন্ত বেদনাদায়ক। আমি অন্য একটি জায়গায় হাসপাতাল পরিদর্শনের সময় মর্মান্তিক এই খবরটি পাই। পরে সাথে সাথে ব্যবস্থা নেয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেয়ে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে হাসপাতালটির বিরুদ্ধে। আজকের দিনে রোগীদের স্বার্থে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা যদি হামকে মোকাবিলা করতে না পারতাম তবে হাজারও শিশু মারা যেতো। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওয়তায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে হামের পাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেছে। হাম আক্রমণ রুগীদের সংস্পর্শ থেকে সুস্থ বাচ্চাদের দূরে রাখতে পারলে আশা করি ঈদের পরে হাম আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ কমে আসবে।
অন্যদিকে সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী- ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, পলাশে ঈদের নামাজ আদায় করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। শিবপুরে নামাজ আদায় করেছেন নরসিংদী-৩ এর সংসদ সদস্য মনজুর এলাহী।
এসময় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঈদের নামাজে অংশ নেয়। নামাজ শেষে একে অপরের সাথে সঙ্গে কুশলাদি বিনিময় করেন মুসল্লিরা।এদিকে জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। এছাড়া প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে।



