শাল্লায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:৩৩ পিএম
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে বুধবার আওয়াল নূর ও সাইদুর রহমান গ্রুপের সংঘর্ষে পায়েল মিয়া (২০) নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তাহেরা বেগমকে (৪৫) মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আওয়াল নূর ও সাইদুর রহমান গ্রুপের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পায়েল মিয়া (২০) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে সাইদুর রহমান জানান, জমিতে গরুর খাবার নিয়ে আওয়াল নুর গ্রুপের সঙ্গে মামলা চলছে। এ ঘটনাকেই কেন্দ্র করে আওয়াল নুর গ্রুপের লোকজন আমাদের বাড়িতে এসে হঠাৎ অতর্কিত হামলা চালায়।
আরেক গ্রুপের আওয়াল নুর বলেন, সাইদুর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নদীর পাড়ে দিয়ে মহড়া দিচ্ছিল। আমরা কোনো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে যাইনি। তারা নিজেরাই মেরে আমাদের ওপর দোষ দিচ্ছে।
তিনি আরও বলেন, ২০০৪ সালেও তারা মার্ডার করে আমাদের ওপর দোষ চাপিয়েছে। এটাও আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
জানতে চাইলে শাল্লা থানার ওসি রোকিবুজ্জামান বলেন, আমরা পায়েল মিয়া নামে ১ জন নিহত হওয়ার খবর পেয়েছি। আরেকজন মহিলাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে সংঘর্ষ চলাকালীন সময়ে পুলিশে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।



