Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটারে যানজট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১০:৪০ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটারে যানজট

বৃষ্টি আর সড়কের বিভিন্নস্থানে যানবাহন বিকল হওয়ায় ঈদযাত্রার শেষ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬০ কিলোমিটারে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার ঘরমুখী মানুষ। যানজটের কারণে দীর্ঘ এ পথে ঘরে ফেরা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে যাত্রীদের মাঝে। তবে যমুনা সেতু পার হতে পারলেই মিলছে স্বস্তির দেখা।

বুধবার (২৭ মে) সকালে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা হয়ে যমুনা সেতুর মাঝামাঝি পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর রিজয়নের নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, অতি বৃষ্টি, মানুষের তুলনায় যানবাহন সংকট আর সড়ক ছোট থাকায় এই যানজট সৃষ্টি হয়েছে। বর্তমানে গাজীপুর অংশে যানজট অনেকটাই কমেছে। চন্দ্রা এলাকা থেকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর পর্যন্ত ধীরগতি আছে। সেটিও দ্রুতই ক্লিয়ার হয়ে যাবে।

এদিকে বুধবার সকালে টাঙ্গাইল জেলার গোড়াই থেকে শুরু করে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট দেখা গেছে। অতিরিক্ত বৃষ্টির ফলে সড়কের বিভিন্নস্থানে জটলা ও কোথাও কোথাও সড়কের ওপর যানবাহন বিকল হওয়ায় উত্তরাঞ্চলমুখী তিন লেনের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। দূরপাল্লার যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক পিকআপে থাকা মানুষজন বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে যাচ্ছেন। তীব্র যানজটের কারণে অনেকেই হাঁপিয়ে উঠছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামছুল আলম সরকার বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের পুরো সড়কেই যানজট রয়েছে। বৃষ্টি ও সড়কের জটিলতায় এই যানজট সৃষ্টি হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে যানজট কমে যাবে।

তবে সিরাজগঞ্জে সেতু পার হলে উত্তরের পথে আর কোনো ভোগান্তি নেই। যমুনা সেতুর পূর্ব টোল প্লাজার পর থেকে সেতুর মধ্যবর্তী অংশ পর্যন্ত যানবাহন বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, যমুনা সেতু পার হওয়ার পর আর কোনো যানজট নেই। তবে সেতুর ঢাকামুখী লেনে কিছুটা যানজট রয়েছে। আশা করি দুপুর থেকে সব স্বাভাবিক থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন